টানা ১৯ বছরের জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টানা ১৯ বছরের জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধঅবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এর আগে সকাল ১০টার দিকে দড়িপাড়া, দাপুনিয়াসহ পাঁচটি এলাকার বাসিন্দাদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘ ১৯ বছর ধরে জলাবদ্ধতার কারণে শত শত একর ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান পাননি তারা। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
পরে দুপুর ১টার দিকে জামালপুর পৌরসভার কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। এরপর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, “দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন