ইউএনও’র নির্দেশে দেওয়ানগঞ্জ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার
ইউএনও’র নির্দেশে দেওয়ানগঞ্জ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার
প্রকাশঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্কুল ড্রেস পরে টিকটক ভিডিও তৈরির ঘটনায় এক শিক্ষার্থীকে দেওয়া ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিহুর রহমান ওই ছাড়পত্র প্রত্যাহার করেন।
এর আগে, বিদ্যালয়ের নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে ছাড়পত্রের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। কেউ বিদ্যালয়ের সিদ্ধান্তকে সমর্থন করলেও অনেকেই এ সিদ্ধান্তকে কঠোর ও অযৌক্তিক বলে মন্তব্য করেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের নজরে এলে তিনি তদন্তের আশ্বাস দেন। পরে দেখা যায়, শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে যথাযথ বিধিমালা অনুসরণ করা হয়নি। একই সঙ্গে শিক্ষার্থীর মাও ছাড়পত্র প্রত্যাহারের আবেদন করেন। এর প্রেক্ষিতে ইউএনও বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাড়পত্রটি প্রত্যাহারের নির্দেশ দেন।
জামালপুর শিশু সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, ১৮ বছরের নিচে সবাই শিশু। সে হিসেবে নবম শ্রেণির ওই শিক্ষার্থীও শিশু। টিকটক ভিডিও প্রকাশ করে সে ভুল করেছে, তবে তাকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া ইতিবাচক সিদ্ধান্ত।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিহুর রহমান বলেন, শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নেওয়া হয়নি। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়েছে। পরে শিক্ষার্থীর মায়ের আবেদন এবং ইউএনও’র নির্দেশে ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, বিধিমালা অনুসরণ না করেই ছাড়পত্র দেওয়া হয়েছিল। বিষয়টি অনুধাবন করার পর এবং শিক্ষার্থীর মায়ের আবেদনের ভিত্তিতে ছাড়পত্রটি প্রত্যাহার করা হয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন