প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতে ইতিহাস গড়লেন মেসি
প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতে ইতিহাস গড়লেন মেসি২০২৬ সালের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এর মাধ্যমে ইতিহাসের প্রথম একক ফুটবলার হিসেবে এই সম্মানজনক পুরস্কার অর্জন করলেন তিনি।
বিশ্বকাপের প্রস্তুতির জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের ক্যাম্পে রয়েছেন মেসি। সেখান থেকেই এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।
মেসি বলেন, “আজ সকালে ঘুম থেকে উঠে এই পুরস্কারের খবর পেয়েছি। অসংখ্য মানুষের শুভেচ্ছা বার্তা পেয়েছি। এমন একটি স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। কারণ এটি শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, মাঠের বাইরের কাজগুলোকেও মূল্যায়ন করে।”
স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার শিল্প, সাহিত্য, সমাজবিজ্ঞান, বৈজ্ঞানিক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা ও ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
পুরস্কারের বিচারকমণ্ডলী এক বিবৃতিতে জানায়, “দুর্দান্ত ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মেসির দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডও এই স্বীকৃতির অন্যতম কারণ।”
ফুটবল ক্যারিয়ারে মেসি জিতেছেন ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং অলিম্পিক স্বর্ণপদক। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পাশাপাশি ইন্টার মিয়ামির হয়েও বেশ কয়েকটি ট্রফি জিতেছেন তিনি।
ব্যক্তিগত অর্জনের তালিকাও সমৃদ্ধ। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি দুবার এমএলএসের সেরা খেলোয়াড় এবং নয়বার লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
এর আগে এই পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটরস্পোর্ট তারকা মিখায়েল শুমাখার, সেরেনা উইলিয়ামস ও এলিউড কিপচোগের মতো ক্রীড়াবিদরা।

একটি মন্তব্য পোস্ট করুন