ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙন রোধে বকশীগঞ্জে মানববন্ধন, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙন রোধে বকশীগঞ্জে মানববন্ধন, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
প্রকাশঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে স্থানীয়দের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভাটি কলকিহারা, বাঘাডোবা, ফকিরপাড়া, শান্তিনগরসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া, শান্তিনগর, বাঘাডোবা ও ভাটি কলকিহারাসহ প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে অসংখ্য বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে শত শত পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম ও লেপু মিয়া বলেন, নদীভাঙনের কারণে অন্তত পাঁচটি গ্রাম অস্তিত্ব সংকটে পড়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। কিন্তু ভাঙন ঠেকাতে এখন পর্যন্ত কোনো স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় নদী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে ভাঙনকবলিত এলাকা রক্ষায় সরকার ও স্থানীয় সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙনের বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন