একটি গাছ, একটি স্বপ্ন, সবুজ জামালপুর গড়ার অঙ্গীকারে রিশাদ রেজওয়ান বাবু
একটি গাছ, একটি স্বপ্ন, সবুজ জামালপুর গড়ার অঙ্গীকারে রিশাদ রেজওয়ান বাবুজামালপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর উদ্যোগে পৌরসভার ২ নং ওয়ার্ডের কম্পপুর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‘সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জামালপুর’ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর ইসলাম, সহ-সভাপতি মুখলেছুর রহমান মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রিপন এবং মৎস্যজীবী দলের সভাপতি হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। একটি গাছ শুধু ছায়াই দেয় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশও নিশ্চিত করে। আজ আমরা যে চারাগাছ রোপণ করছি, সেটি একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য জামালপুর গড়ার স্বপ্নের প্রতীক।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “পৌরবাসীর ভোটে নির্বাচিত হলে পৌরসভার প্রতিটি সড়কের দু'পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি পার্ক, উন্মুক্ত সবুজ স্থান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে আধুনিক ও পরিবেশবান্ধব একটি পৌরসভা গড়ে তোলা হবে। উন্নয়ন ও জনসেবার মাধ্যমে পৌরবাসীর আস্থার প্রতিদান দিতে চাই।”
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, একজন জনপ্রতিনিধি প্রার্থীর এমন পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জামালপুর একটি সবুজ ও আধুনিক পৌরসভায় পরিণত হবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন