বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল লাকড়ি সংগ্রহে যাওয়া ব্যক্তির
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল লাকড়ি সংগ্রহে যাওয়া ব্যক্তিরজামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড় এলাকায় বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর শনিবার (২৭ জুন) সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন উপজেলার মৃধাপাড়া গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে গারো পাহাড়ে যান জয়নাল আবেদীন। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাতেও তাঁর কোনো সন্ধান না মেলায় শনিবার সকালে স্বজন ও স্থানীয়রা আবারও পাহাড়ে অনুসন্ধান চালান।
একপর্যায়ে সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে জয়নাল আবেদীনের থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা দেখে স্থানীয়দের ধারণা, রাতে বন্য হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির উপদ্রব রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন