চীনের প্রেসিডেন্ট এর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
চীনের প্রেসিডেন্ট এর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকচীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এর আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান।
সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সফরসঙ্গীরা।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি মালয়েশিয়া সফর শেষে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস-২০২৬ সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ান সফর করেন।
বেইজিং সফরে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
সফরকালে চীনের বিভিন্ন শিল্পগোষ্ঠী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন