কাঠফাটা রোদের পর জামালপুরে ঝরল স্বস্তির বৃষ্টি
কাঠফাটা রোদের পর জামালপুরে ঝরল স্বস্তির বৃষ্টিকয়েক দিনের তীব্র গরম আর অসহ্য দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল জামালপুরে। আজ সোমবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়। দীর্ঘদিনের গরমে অতিষ্ঠ জেলাবাসী এই বৃষ্টিতে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন।
গত কয়েক দিন ধরে জামালপুরে তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকায় সাধারণ মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। রোদের প্রচণ্ড তাপে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, খেটে খাওয়া মানুষ কাজে বের হতে পারছিলেন না। শিশু ও বৃদ্ধদের অবস্থা ছিল আরও কঠিন।
আজকের বৃষ্টিতে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে। শহরের মানুষজন ঘরের জানালা খুলে বৃষ্টির ফোঁটা উপভোগ করছেন, চায়ের দোকানগুলোতে আড্ডা জমেছে। অনেকেই বলছেন, এই বৃষ্টি যেন অনেকদিন পর বুকের ভেতর একটু ঠান্ডা দিল।
কৃষকদের মুখেও আজ হাসি ফুটেছে। বর্ষা মৌসুমের এই বৃষ্টিতে আমন ধানের বীজতলা তৈরির কাজ শুরু করতে পারবেন বলে আশাবাদী তারা। মাঠে নামার এই সুযোগের জন্যই যেন অপেক্ষায় ছিলেন জেলার কৃষিজীবীরা।
তবে আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, আগামীকাল মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি — প্রায় ৯৫ শতাংশ। টানা বৃষ্টিতে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
গরমের দীর্ঘ যন্ত্রণার পর এই বৃষ্টি জামালপুরবাসীর কাছে এখন এক পরম পাওয়া।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন