ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

শিক্ষার্থীদের ‘শেয়াল’ বলার অভিযোগ, হল ফি ইস্যুতে উত্তাল কলেজ ক্যাম্পাস

বৈঠকে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান না আসায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের আবাসিক হলের ফি বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়ে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অধ্যক্ষের একটি মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় কলেজের শিক্ষক সংসদ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে কলেজ প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর, শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, হল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবেরসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ ও গ্যাস বিলের অজুহাতে আবাসিক হলের ফি এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে হল ফি ৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে। তাই তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বৈঠকে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান না আসায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে ‘শেয়াল’ শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অধ্যক্ষ বৈঠকস্থল ত্যাগ করেন।

পরে শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান এবং বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় চান।

নাম প্রকাশে অনিচ্ছুক হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, “হল ফি এক হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত আমাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। আমরা চাই প্রশাসন শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুক। পাশাপাশি বৈঠকে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর বলেন, “শিক্ষার্থীদের শেয়াল বলে সম্বোধন করা হয়নি। এ ধরনের কোনো মন্তব্য আমি করিনি। ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা আবারও আলোচনা করব। আশা করছি, খুব দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যাবে।”

এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফি বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।


শিরোনাম...

একটি মন্তব্য করুন