ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

প্রধানমন্ত্রীর সঙ্গে লে. জেনারেল মিনহাজুল আলমের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে লে. জেনারেল মিনহাজুল আলমের সাক্ষাৎ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

প্রধানমন্ত্রীর সঙ্গে লে. জেনারেল মিনহাজুল আলমের সাক্ষাৎ

 অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে সাইপ্রাস যাওয়ার আগে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (৩ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, আসন্ন সফরে লে. জেনারেল মিনহাজুল আলম আগামী শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (UNFICYP)-এর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুনাম ও মর্যাদা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের ইতিহাসে লে. জেনারেল মিনহাজুল আলম অষ্টম সেনা কর্মকর্তা হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডারের দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে বিভিন্ন দেশে সাতজন বাংলাদেশি সেনা কর্মকর্তা এই পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৩ সালে মোজাম্বিকে প্রথম বাংলাদেশি ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান। পরবর্তীতে বিভিন্ন সময়ে লাইবেরিয়া, সুদান, আইভরি কোস্ট, পশ্চিম সাহারা এবং সাইপ্রাসসহ একাধিক মিশনে বাংলাদেশি কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বর্তমানে পশ্চিম সাহারায় মেজর জেনারেল মো. ফখরুল আহসান ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাড়াও সাইপ্রাসে নতুন করে দায়িত্ব নিলে ফোর্স কমান্ডার পর্যায়ে বাংলাদেশি দুইজন কর্মকর্তা একসঙ্গে দায়িত্বে থাকবেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে ১০টি শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের মোট ১০ জন সামরিক কর্মকর্তা ফোর্স কমান্ডারের দায়িত্বে আছেন। এর মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

উল্লেখ্য, সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (UNFICYP) ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় গ্রিক সাইপ্রিয়ট ও তুর্কি সাইপ্রিয়ট সম্প্রদায়ের মধ্যে সংঘাত নিরসন ও শান্তি বজায় রাখার লক্ষ্যে। বর্তমানে এই মিশনের অধীনে বাফার জোন (গ্রিন লাইন) পর্যবেক্ষণ ও যুদ্ধবিরতি তদারকি করা হয়।

লে. জেনারেল মিনহাজুল আলম ১৯৭১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯১ সালের ডিসেম্বরে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি ‘সোর্ড অব অনার’ অর্জনসহ তাঁর কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি কক্সবাজারের দশম পদাতিক ডিভিশনের জিওসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া জাতিসংঘ মিশনে সেন্ট্রাল আফ্রিকায় সেক্টর কমান্ডার হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এই নতুন দায়িত্ব বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান ও সুনামকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র: বাসস

শিরোনাম...

একটি মন্তব্য করুন