ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যুজিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ জমিতে ধান কাটার সময় তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিল এলাকার মুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের কমেজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর থেকেই জামালপুরের উত্তরাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ খেতে ধান কাটার কাজে নামেন সানোয়ার হোসেন। কাজ করার একপর্যায়ে দুপুর ১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মাঠেই হিটস্ট্রোকে আক্রান্ত হন।
স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, চলমান তাপপ্রবাহের মধ্যে কৃষকদের খোলা মাঠে কাজ করতে গিয়ে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হচ্ছে।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম কৃষক সানোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালপুর ট্রিবিউন / আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন