মন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনায় কুড়ালের আঘাতে বৃদ্ধ নিহত, আটক ২
বাড়িতে নোংরা পানি ঢোকায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এক বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জরিপ শেখ স্থানীয় এলাকার বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ শেখের গোয়ালঘর থেকে নোংরা পানি ও আবর্জনা পাশের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী জরিপ শেখের সঙ্গে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউসুফ শেখ ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী জানান, ঘটনার সময় তিনি ও আরও কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে ইউসুফ শেখ ও তার ছেলে দা-কুড়াল নিয়ে জরিপ শেখের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন