ইউএনজিএর সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে মালদ্বীপ প্রেসিডেন্টের অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
এক অভিনন্দন বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট এ অর্জনকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গৌরবের বিষয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর জন্য আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশ ৯৯ ভোট পায়, অন্যদিকে সাইপ্রাসের প্রার্থী পান ৯১ ভোট। এই ফলাফলকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, এই নির্বাচন বাংলাদেশের জনগণ এবং পুরো অঞ্চলের জন্য সম্মানের বিষয়। একইসঙ্গে তিনি নতুন দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সফলতা কামনা করেন।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হলে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন ড. খলিলুর রহমান।
সূত্র: বাসস

একটি মন্তব্য পোস্ট করুন