যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমলো তেলের দাম
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমলো তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আরও জোরদার হওয়ার সম্ভাবনার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের বিক্রির চাপ বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (৪ জুন) বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমে ৯৭ দশমিক ১৪ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬২ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।
তবে বাজারে স্বস্তির এই আবহের মধ্যেই নতুন করে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির। তিনি দাবি করেন, লেবাননের সঙ্গে কার্যকর কোনো যুদ্ধবিরতি এখনো বিদ্যমান নেই।
ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, হাইফার একটি নৌঘাঁটি পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। এতে বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আশাবাদ তৈরি হলেও বাস্তব পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন