জামালপুরে গোপন অভিযানে মিলল পাইপগান, ককটেল ও পেট্রোল বোমা
জামালপুর শহরে সাবেক সরকারি আইন কর্মকর্তা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের পাঁচরাস্তার মোড় এলাকার মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ওই কার্যালয়ে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তালা খুলে কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি দেশীয় পাইপগান, ৯ এমএম পিস্তলের চার রাউন্ড গুলি, শর্টগানের চার রাউন্ড গুলি, ছয়টি ককটেল, দুটি পেট্রোল বোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযানের সময় অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি কার্যালয়ে উপস্থিত ছিলেন না। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান শেষে উদ্ধার হওয়া আলামত থানায় নিয়ে যায় পুলিশ।
উল্লেখ্য, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি অতীতে জামালপুর আদালতে সরকারি আইন কর্মকর্তা (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদকও ছিলেন।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন