দেওয়ানগঞ্জে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তারজামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের নবীনাবাদ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন লম্বাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রবি আলম (২০) এবং একই গ্রামের আহসান হাবিবের ছেলে জসিম উদ্দিন (৩৩)।
পুলিশ জানায়, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তারা ফেরিঘাট এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন