দেওয়ানগঞ্জে স্ত্রী হত্যা মামলা: ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে স্ত্রী হত্যা মামলা: ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড, ৫ লাখ টাকা জরিমানাজামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে দীর্ঘ ১৩ বছর পর স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন তার স্ত্রী ইসমত আরার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকৃতি জানালে ওই রাতেই তাকে গলা টিপে হত্যা করা হয়।
ঘটনার পরদিন ১৩ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই মজনু দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি আদালতে বিচারাধীন হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ, তদন্ত প্রতিবেদন ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. ফজলুল হক। পলাতক আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন