মেলান্দহে পেট্রোলে ভেজালের অভিযোগে অভিযান, নমুনা পরীক্ষাগারে
মেলান্দহে পেট্রোলে ভেজালের অভিযোগে অভিযান, নমুনা পরীক্ষাগারে
প্রকাশঃ
জামালপুরের মেলান্দহ উপজেলায় পেট্রোলে রং ও কেমিক্যাল মিশিয়ে অকটেন তৈরি করে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাউডার রং, পেট্রোল ও অকটেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত জ্বালানিতে ভেজাল রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সোমবার (১৩ জুলাই) দুপুরে মেলান্দহ বাজার-নাংলা সড়কের খুশি এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির সামনে থাকা পেট্রোলবোঝাই একটি লরি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পেট্রোলে রং ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে অকটেন হিসেবে বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠান থেকে পাউডার রং, পেট্রোল ও অকটেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় তেল ব্যবসায়ী শুকুর আলী অভিযোগ করে বলেন, “খুশি এন্টারপ্রাইজের মালিক আইয়ুব আলী পেট্রোলে কেমিক্যাল মিশিয়ে কম দামে বিক্রি করছেন। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং আমাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, “প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। পাশাপাশি জ্বালানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
একটি মন্তব্য পোস্ট করুন