মেলান্দহে ইজিবাইকের চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
মেলান্দহে ইজিবাইকের চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুজামালপুরের মেলান্দহ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় নাজমিন নাহার (৭) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা গ্রামের পয়লা ব্রিজসংলগ্ন মাহমুদপুর-মেলান্দহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমিন নাহার উপজেলার রোকনাইপাড়া গ্রামের নাজমুল হাসানের মেয়ে। সে রোকনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নাজমিন তার মায়ের সঙ্গে আগপয়লা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় মাহমুদপুর থেকে মেলান্দহগামী একটি দ্রুতগতির ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইদ আহমেদ শুভ জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। জরুরি চিকিৎসা ও অক্সিজেন দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন