মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ
মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ
প্রকাশঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খাঁন।
সমাবেশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রতন মিয়া, উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ওসি মো. আনোয়ার হোসেন বলেন, "মাদক ও জুয়া আমাদের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এর পাশাপাশি বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ কন্যাসন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। এসব সামাজিক ব্যাধি কেবল কোনো ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, বরং পুরো সমাজের জন্য বড় হুমকি। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের সহযোগিতা পেলে মাদক ও বাল্যবিবাহকে জিরো টলারেন্সে নামিয়ে আনা সম্ভব।"
সভাপতির বক্তব্যে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, "একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হলে সন্তানদের প্রতি অভিভাবকদের নিবিড় নজর রাখতে হবে। তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করা জরুরি।"
তিনি আরও বলেন, "কোনো অবস্থাতেই মাদক, জুয়া বা বাল্যবিবাহকে প্রশ্রয় দেওয়া হবে না। এসব অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে।"
একটি মন্তব্য পোস্ট করুন