৩ দফা দাবিতে জিলবাংলা সুগার মিল শ্রমিকদের গেইট মিটিং
৩ দফা দাবিতে জিলবাংলা সুগার মিল শ্রমিকদের গেইট মিটিংবাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিলবাংলা সুগার মিলস লিমিটেডে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে গেইট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মিলের প্রশাসনিক ভবনের ২ নম্বর ফটকে জিলবাংলা সুগারমিলস ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. রায়হানুল আজম ইমরান।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জিলবাংলা সুগারমিলস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শওকত উর রহমান সোহাগ, সহ-সভাপতি সোলাইমান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, অর্থবিষয়ক সম্পাদক জাহিদ আনোয়ার কবির এবং প্রচার সম্পাদক বিল্লাল হোসেন।
গেইট মিটিংয়ে শ্রমিক নেতারা তিনটি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
- মৌসুমী শ্রমিক-কর্মচারীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয় এবং প্রতি ৫ ও ১০ বছর অন্তর নিয়মিত পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা।
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো মজুরি কমিশনের আওতাভুক্ত শ্রমিকদের জন্যও ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান।
- আগামী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য নতুন মজুরি কমিশন ও বেতন কাঠামো ঘোষণা।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত না করে চিনি শিল্পের উন্নয়ন সম্ভব নয়। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন