নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন
নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধনজামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজ শিশু সাহল রহমান সাদের সন্ধান এবং তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মণ্ডল, বিএনপি নেতা আহসান হাবিব লিপন, সাইফুল ইসলাম ফুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সাহল রহমান সাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। একমাত্র সন্তানকে হারিয়ে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তারা প্রশাসনের প্রতি তদন্ত কার্যক্রম আরও জোরদার করে দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
জানা গেছে, গত ৩০ জুন সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ১২ বছর বয়সী ছেলে সাহল রহমান সাদ মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সাদ স্থানীয় আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন