৩০ বছরের জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুরে সড়ক-রেলপথ অবরোধ, আটকা অগ্নিবীণা এক্সপ্রেস
৩০ বছরের জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুরে সড়ক-রেলপথ অবরোধ, আটকা অগ্নিবীণা এক্সপ্রেসদীর্ঘ ৩০ বছর ধরে জলাবদ্ধতার ভোগান্তির অবসান এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবিতে জামালপুর পৌর শহরের গেটপাড়-ফকিরপাড়া এলাকার বাসিন্দারা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন। এতে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি রেললাইনে আটকে পড়ে। পাশাপাশি ওই এলাকার সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী ও পথচারীদের দুর্ভোগে পড়তে হয়।
স্থানীয়দের অভিযোগ, গেটপাড় এলাকায় প্রায় তিন দশক ধরে জলাবদ্ধতা স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়ক, বসতবাড়ি ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া বাসিন্দারা জানান, বহুবার পৌর কর্তৃপক্ষের কাছে সমস্যার সমাধান চাওয়া হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা কঠোর কর্মসূচির পথ বেছে নিয়েছেন। তাদের দাবি, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে মাগরিবের আজান হলে আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে যান তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।
জামালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, “পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন