মেলান্দহে রাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত
মেলান্দহে রাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্তজামালপুরের মেলান্দহে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও জীবিকা নিরাপত্তায় অবদান রাখার লক্ষ্যে রাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার নয়ানগর ইউনিয়নের ভামুনিডাঙ্গা বিলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে রাফাহ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় ভামুনিডাঙ্গা বিলে বিভিন্ন প্রজাতির ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। এ সময় রাফাহ ফাউন্ডেশনের এডমিন অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার ফয়সাল আহমেদ, জামালপুর জেলার প্রতিনিধি হাফেজ রহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, মৎস্যজীবী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
রাফাহ ফাউন্ডেশনের এডমিন অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার ফয়সাল আহমেদ বলেন, কর্মসূচির আওতায় উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রাপ্যতা নিশ্চিত করা এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।
মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের খাদ্য ও জীবিকার সঙ্গে মৎস্যসম্পদ ওতপ্রোতভাবে জড়িত। তবে জলাশয় ভরাট, পানি দূষণ, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত মাছ আহরণ এবং প্রাকৃতিক প্রজননক্ষেত্র নষ্ট হওয়ার কারণে অনেক দেশীয় মাছের প্রজাতি হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, শুধু মাছের পোনা অবমুক্ত করলেই হবে না; জলাশয় সংরক্ষণ, মাছের প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরিও জরুরি। অবমুক্ত করা মাছের পোনা সংরক্ষণ ও নির্ধারিত সময়ে মাছ আহরণের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ায় রাফাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন