দেওয়ানগঞ্জে মাদকের আসর থেকে চারজন গ্রেপ্তার, তিন মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে মাদকের আসর থেকে চারজন গ্রেপ্তার, তিন মাসের কারাদণ্ডজামালপুরের দেওয়ানগঞ্জে মাদকের আসর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের ডালবাড়ী এলাকায় মো. হাবিলের বসতবাড়িতে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—ডালবাড়ী এলাকার মৃত সোলায়মান হকের ছেলে মো. হাবিল (৪৫), কালিকাপুর এলাকার মৃনাল মিয়ার ছেলে মো. ফুল মাহমুদ (২৪), চর কালিকাপুর এলাকার আবু সামার ছেলে ফয়সাল (৩৫) এবং বাজারীপাড়ার মাঝিপাড়া এলাকার সূর্যকান্ত দাসের ছেলে শ্রী আবু চন্দ্র দাস (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিলের বসতবাড়িতে চারজন মিলে মাদকের আসর বসিয়ে মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার উপধারা ৯ ও ১০(৫) অনুযায়ী চারজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, “মাদক সেবনের অপরাধে চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে সাজাপ্রাপ্তদের জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দেওয়ানগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন