জামালপুরে ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের শিখন শেয়ারিং অনুষ্ঠিত
জামালপুরে ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের শিখন শেয়ারিং অনুষ্ঠিতজামালপুরে ৪৮ দিনব্যাপী ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরতে শিখন শেয়ারিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সদর উপজেলার ঝাওলা গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। তিনি শিক্ষার্থীদের জলবায়ু-সহনশীল কৃষি উদ্ভাবন ও সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন।
প্রধান অতিথি বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে হাতে-কলমে কৃষি শিক্ষা তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের অগ্রগতি ও অর্জন তুলে ধরে বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা এবং বিভিন্ন কৃষি উদ্ভাবন তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এরিয়া ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।
বক্তারা বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের তৈরি জলবায়ু-স্মার্ট বাগান ও বিভিন্ন কৃষি প্রকল্প পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে-কলমে শেখা কার্যক্রমের প্রশংসা করেন অতিথিরা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো হয় এবং তাদের ভবিষ্যতের উদ্ভাবনী কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন