জামালপুর সদরকে শিশুশ্রম, মাদক, বাল্যবিয়ে ও ঝরেপড়ামুক্ত ঘোষণা
জামালপুর সদরকে শিশুশ্রম, মাদক, বাল্যবিয়ে ও ঝরেপড়ামুক্ত ঘোষণামাদক, বাল্যবিয়ে, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া সমাজের উন্নয়ন ও অগ্রগতির বড় বাধা বলে মন্তব্য করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
মঙ্গলবার শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলাকে শিশুশ্রম, মাদক, বাল্যবিয়ে ও বিদ্যালয় থেকে ঝরেপড়ামুক্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে নিয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এমপি মামুন।
তিনি বলেন, “আজকের এই ঘোষণা যেন শুধু প্রতীকী না হয়। সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, একটি পরিবার যদি একটি শিশুর দায়িত্ব নেয়, তাহলে শিশুশ্রম কমিয়ে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা সম্ভব। পাশাপাশি নিয়মিত নজরদারি ও শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর মাধ্যমে ঝরে পড়া ও বাল্যবিয়েও প্রতিরোধ করা যাবে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে জানানো হয়, জামালপুর সদর উপজেলা ও পৌরসভায় পরিচালিত জরিপে ৪৫৬ জন শিশুশ্রমিক শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১১৮ জন শিশুর দায়িত্ব নেয় জামালপুর এরিয়া প্রোগ্রাম। এসব শিশুর পরিবারের আয়মুখী কর্মকাণ্ডে সহায়তার জন্য প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এছাড়া গত এক বছরে জামালপুর সদর উপজেলায় কাজিদের মাধ্যমে কোনো বাল্যবিয়ে হয়নি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হারও শূন্যের কোটায় নেমে এসেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
পরে জামালপুর সদরকে শিশুশ্রম, মাদক, বাল্যবিয়ে ও বিদ্যালয় থেকে ঝরেপড়ামুক্ত ঘোষণার সনদে সংশ্লিষ্টরা স্বাক্ষর করেন। শেষে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন