জামালপুরে গণধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুরে গণধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ডজামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকর এলাকার রুহুল আমিনের ছেলে ছাত্তার আলী (৪২), শামছুল হকের ছেলে আব্দুল মালেক (৪৪) ও নায়েব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২)। তাদের মধ্যে ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এক গৃহবধূর বাড়িতে যান আসামিরা। সেখানে মদ্যপ অবস্থায় তারা চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
এ সময় ওই গৃহবধূ ঘর থেকে বের হলে আসামিরা তাঁর মুখে গামছা পেঁচিয়ে বাড়ির পাশের একটি ঝোপে নিয়ে যান। পরে সেখানে তিনজন মিলে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
ওই নারীর স্বামী ঢাকায় চাকরি করতেন। ঘটনার তিন দিন পর ভুক্তভোগী নারী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট জামিল হাসান তাপস।
একটি মন্তব্য পোস্ট করুন