জামালপুরে দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির তিন সংগঠনের বিক্ষোভ
জামালপুরে দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির তিন সংগঠনের বিক্ষোভপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। এ ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব এবং জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে কেউ দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তা রক্ষায় তারা রাজপথে আছেন এবং থাকবেন।
সমাবেশ শেষে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন