ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

৪-৩ গোলে মেলান্দহকে হারিয়ে ডিসি কাপ জিতল সরিষাবাড়ী

৪-৩ গোলে মেলান্দহকে হারিয়ে ডিসি কাপ জিতল সরিষাবাড়ী
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মেলান্দহ উপজেলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরিষাবাড়ী উপজেলা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বিপুল দর্শকের উপস্থিতিতে রুদ্ধশ্বাস ফাইনাল অনুষ্ঠিত হয়। তবে জমজমাট এই আয়োজনে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় ভেঙে পড়ে ব্যবস্থাপনা।

নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার কথা থাকলেও দর্শক ও অতিথিদের প্রবেশ নিয়ে ভিড়ের কারণে প্রায় দুই ঘণ্টা দেরিতে মাঠে বল গড়ায়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। অবশেষে শিরোপা নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে ৪-৩ ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নেয় সরিষাবাড়ী।

১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় অনেকেই মাঠের চারপাশে ও বিভিন্ন উঁচু স্থানে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এমনকি একপর্যায়ে হাজার হাজার দর্শক মাঠের ভেতরেও ঢুকে পড়েন। ভিড় ও বিশৃঙ্খলার কারণে মাঠে প্রবেশের সময় সংসদ সদস্য, ডিসি ও ইউএনওদের উদ্দেশে দর্শকদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভিড় ঠেলে গেট দিয়ে প্রবেশ করতে না পেরে দুজন ইউএনওকে ফিরে যেতে দেখা যায়। যদিও পরে তারা মাঠে প্রবেশ করেন।

দর্শকদের ভোগান্তিও ছিল চরমে। অনেকেই অভিযোগ করেন, পর্যাপ্ত প্রবেশপথ ও নিরাপত্তা না থাকায় মাঠে ঢুকতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। জামালপুর শহরের দর্শক মো. রাকিবুল ইসলাম বলেন, “এত বড় আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু প্রবেশের ক্ষেত্রে আরও ভালো ব্যবস্থাপনা প্রয়োজন ছিল।”

সরিষাবাড়ী থেকে আসা সোহেল রানা জানান, খেলার মান খুব ভালো হলেও গ্যালারি ও প্রবেশপথ ছিল একেবারেই অপর্যাপ্ত। ভবিষ্যতে বড় আয়োজনের ক্ষেত্রে এসব বিষয়ে কর্তৃপক্ষের আরও গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, জেলার পাঁচটি আসনের সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট জেলার সাত উপজেলা ও একটি পৌরসভার আটটি দলের অংশগ্রহণে শুরু হয়েছিল এবারের ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট। কয়েক সপ্তাহের লড়াই শেষে রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটলেও আগামী আয়োজনের জন্য দর্শক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকে গেল।

শিরোনাম...

একটি মন্তব্য করুন