ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

এনসিপি স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্রে মেতেছে: ওয়ারেছ আলী মামুন

এনসিপি স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্রে মেতেছে: ওয়ারেছ আলী মামুন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করে বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপির আয়োজনে শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় দেশে ফিরতে দেওয়া হয়নি। তিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলে। পরবর্তীতে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষ রাজপথে নেমে এলে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র মুক্ত হয় বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল। তাঁর দাবি, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল এবং বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। একইভাবে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম চলছে। তবে জামায়াতে ইসলামীকে ‘স্বাধীনতাবিরোধী শক্তি’ হিসেবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দলটি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একই সঙ্গে এনসিপির নেতাদের বিরুদ্ধে জামায়াতের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন তিনি।

ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি শুধু সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি। ১৯৯০ সালের গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল। তিনি ১৯৮৬ সালের নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের সমালোচনা করে বলেন, সেসময় দলটি তৎকালীন স্বৈরশাসক এরশাদের সঙ্গে আঁতাত করে আন্দোলনের ক্ষতি করেছিল।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, স্বাধীনতার বিরোধিতা ও বিভিন্ন ষড়যন্ত্রের কারণে একসময় নিষিদ্ধ থাকা দলটি বর্তমানে রাজনীতি করার সুযোগ পেয়েছে।

বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে ওয়ারেছ আলী মামুন বলেন, যেকোনো পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। ষড়যন্ত্র মোকাবিলায় সর্বোচ্চ ধৈর্য ও ত্যাগ স্বীকার করে বিএনপি নেতাকর্মীরা কাজ করবেন এবং আগামী দিনে বাংলাদেশকে জনকল্যাণমূলক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করবেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আলোচনা সভার পাশাপাশি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। আলোচনা সভায় জেলা বিএনপির সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং দলটি ক্ষমতায় থাকাকালে দেশের মানুষ এর সুফল পেয়েছে।

পরে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন