জামালপুরে সুবিধা বঞ্চিত শিশুরা পেল ঈদ সামগ্রী
প্রকাশঃ
স্টাফ রিপোর্টার: জামালপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় অপরাজেয় বাংলাদেশের স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রে এসব খাদ্য সমাগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু নিজের ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: নুরুল ইসলাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, সুবিধা বঞ্চিতদের অবস্থার উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তবে সমাজের যারা আপনাদের জন্য এগিয়ে এসেছে তাদের সহযোগীতা নিয়ে আপনাদের নিজেদের অবস্থার পরিবর্তন করতে হবে। সবাই মিলে আপনাদের এগিয়ে নিতে, আপনাদের ভালো অবস্থান তৈরিতে চেষ্টা করছে। তবে নিজেদের অবস্থার পরিবর্তন করতে না পারলে অনেকেই বিমুখ হবে। পরে আশ্রয়কেন্দ্রের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়াও সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন মাদ্রাসায় শতাধিক প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে আলু, পেয়াজ, রসুন, আদা, তেল, লবন, সেমাই, চিনি ইত্যাদি।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন