বকশীগঞ্জে ফিলিং স্টেশনে তেল সংকট: মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা-এ একটি ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালক ও স্থানীয় সাধারণ মানুষ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশন-এর সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা ভোগান্তিতে পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা সড়কে নেমে প্রতিবাদ জানিয়ে প্রায় ১৮ থেকে ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবরোধ তুলে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানা-র উপপরিদর্শক (এসআই) মোঃ মন্জুরুল জানান, গতকাল রাত থেকেই ফিলিং স্টেশনে তেল না থাকায় কিছুটা জটলার সৃষ্টি হয়। আজ সকালেও একই অবস্থা দেখা যায়। এ সময় কয়েকজন বাইকার সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তাদের সরিয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন