জামালপুরে কম তেল দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: জামালপুর শহরে গ্রাহকদের কম পরিমাণে জ্বালানি সরবরাহ করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় অবস্থিত মেসার্স খাজা পেট্রোলিয়ামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
অভিযানকালে ফিলিং স্টেশনটির পেট্রোল ও ডিজেল পরিমাপক যন্ত্র পরীক্ষা করা হয়। এ সময় দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় গ্রাহকদের কম জ্বালানি দেওয়া হচ্ছে। পরিমাপে ধরা পড়ে, প্রতি ৫ লিটার পেট্রোলে ৫৬০ মিলিলিটার এবং প্রতি ৫ লিটার ডিজেলে ১৭০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল।
এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে পেট্রোল কম দেওয়ার জন্য ৫০ হাজার টাকা এবং ডিজেল কম দেওয়ার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৫৫ হাজার টাকা।
এ বিষয়ে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, পরিমাপক যন্ত্রে কারসাজির মাধ্যমে ভোক্তাদের প্রতারণা করার অপরাধে এই জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন