এক সপ্তাহেই শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী
এক সপ্তাহেই শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য জিনএক্সপার্ট কার্টিজ এবং শিশুদের যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়।
বর্তমান টিকাদান অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, লক্ষ্যমাত্রার ইতোমধ্যে ৬১ শতাংশ অর্জন করা হয়েছে। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ কভারেজ নিশ্চিত করা যাবে এবং অনেক এলাকায় ইতোমধ্যেই শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে। হামের টিকাদান কার্যক্রম শুরু হওয়া প্রথম ৩০টি উপজেলায় বর্তমানে কোনো হামের রোগী নেই বলেও তিনি উল্লেখ করেন।
হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত ছয় বছর শিশুদের নিয়মিত হামের টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। পরে জরুরি ভিত্তিতে তা পুনরায় চালু করা হয়। এ ক্ষেত্রে ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের যৌথ সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের সহযোগিতা না পেলে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
মন্ত্রী আরও জানান, সারা দেশে টিকাদান কর্মসূচি আগামী মাসের ৫ তারিখে শুরু হওয়ার কথা থাকলেও সেটি ১৪ দিন এগিয়ে আনা হয়েছে। হামের টিকা হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে গত ২০ এপ্রিল থেকেই কার্যক্রম শুরু করা হয়েছে।
এছাড়া তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে, যা যক্ষ্মা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে ভ্যাকসিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই এবং খুব শিগগিরই তা দেশের সব কেন্দ্রে পৌঁছে যাবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন