মাদারগঞ্জে ঘুমন্ত বৃদ্ধার কান ছিঁড়ে দুল ছিনতাই, হাসপাতালে ১০টি সেলাই
মাদারগঞ্জে ঘুমন্ত বৃদ্ধার কান ছিঁড়ে দুল ছিনতাই, হাসপাতালে ১০টি সেলাইস্টাফ রিপোর্টার: জামালপুরে মাদারগঞ্জে এক হৃদয়বিদারক চুরির ঘটনায় ঘুমন্ত অবস্থায় ৮৫ বছর বয়সী এক বৃদ্ধার কান ছিঁড়ে দুল নিয়ে গেছে দুর্বৃত্ত। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধার নাম কয়েদভান। তিনি ওই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। জানা যায়, স্বামীহারা কয়েদভান দীর্ঘদিন ধরে একাই নিজ ঘরে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি ঘুমিয়ে পড়েন। গভীর রাতে এক অজ্ঞাত চোর তার ঘরের জানালা কেটে ভেতরে হাত ঢুকিয়ে ডান কানের দুল টান দিয়ে নিয়ে যায়। এতে তার কান ছিঁড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই কয়েদভান চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তার কানে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। পরে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার কানে সূক্ষ্ম সুতায় ১০টি সেলাই দেন।
ভুক্তভোগীর নাতি সুজন সর্দার জানান, তার নানি ঘরের জানালার পাশেই ঘুমিয়ে ছিলেন। রাতের আঁধারে চোর জানালা কেটে দুল ছিনিয়ে নেয়, এতে নানীর কান ছিঁড়ে যায়। তিনি অভিযোগ করেন, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে এবং চোরেরা এখন বৃদ্ধদেরও ছাড় দিচ্ছে না।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ঘটনাটি তার জানা নেই। তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ
.png)
একটি মন্তব্য পোস্ট করুন