মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টা, দুই যুবককে জরিমানা

দণ্ডপ্রাপ্তরা হলেন মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ফয়সাল আহমেদ এবং পাশের মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা ওয়াসিম উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ফয়সাল ও ওয়াসিম একটি মোটরসাইকেল নিয়ে ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় তারা একটি ফুয়েল কার্ড প্রদর্শন করেন, যাতে মাদারগঞ্জ ইউএনও’র স্বাক্ষর জাল করা ছিল। কার্ডটি দেখে পাম্প কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন এবং জালিয়াতির সত্যতা পান। পরে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও সুমন চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে তেল নেওয়ার চেষ্টা করেছিল। হাতে-নাতে প্রমাণ পাওয়ায় ফয়সাল আহমেদকে ৫ হাজার টাকা এবং ওয়াসিম উদ্দিনকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন