দ্বিতীয় যমুনা সেতুতে বাহাদুরাবাদ–বালাসী রুট অগ্রাধিকার পাবে– এম রশিদুজ্জামান মিল্লাত
দ্বিতীয় যমুনা সেতুতে বাহাদুরাবাদ–বালাসী রুট অগ্রাধিকার পাবে: এম রশিদুজ্জামান মিল্লাতস্টাফ রিপোর্টার:
দ্বিতীয় যমুনা সেতুর স্থান নির্ধারণে বাহাদুরাবাদ–বালাসী রুটকে এক নম্বর হিসেবে তালিকাভুক্ত করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এ সেতু নির্মিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শনিবার (২ মে) জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। সরকারের লক্ষ্যই হচ্ছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা।”
তিনি আরও জানান, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এলাকায় নদীভাঙন রোধে ৫৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে এবং আগামী জুন মাসে বাজেট ঘোষণার পর ভাঙন প্রতিরোধে পুরোদমে কার্যক্রম চালানো হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, সদস্য সচিব মো. আল মামুন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সরোয়ার আলম এবং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে প্রতিমন্ত্রী সবাইকে ধৈর্য ধরে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন