“জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশন টার্ফ টুর্নামেন্ট–২০২৬” উৎসবমুখর পরিবেশে সম্পন্ন
চবি জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশনের টার্ফ টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন ২৩–২৪ সেশন tribuneচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” আয়োজিত “জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশন টার্ফ টুর্নামেন্ট–২০২৬” উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় Brothers Turf Zone-এ দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ক্রীড়ার মাধ্যমে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, নেতৃত্ব ও সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। টুর্নামেন্টে অংশ নেয় তিনটি গ্রুপ— ঝিনাই, যমুনা ও ব্রহ্মপুত্র। গ্রুপ ঝিনাইয়ে অংশ নেয় ২২–২৩ ও ২৫–২৬ সেশন, গ্রুপ যমুনায় ২১–২২ ও ২৪–২৫ সেশন এবং গ্রুপ ব্রহ্মপুত্রে সম্মিলিত সিনিয়র সেশন (১৮–১৯, ১৯–২০ ও ২০–২১) ও ২৩–২৪ সেশন।
প্রথম ম্যাচে ২২–২৩ সেশন ২৫–২৬ সেশনকে ২–০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। দলের হয়ে গোল করেন ফেরদৌস হাসান তুষার ও অধিনায়ক লাবিব রাইয়্যান অপূর্ব। অন্যদিকে গ্রুপ যমুনার ম্যাচে ২১–২২ সেশন ২৪–২৫ সেশনকে ১–০ গোলে হারায়। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন অধিনায়ক সিফাত।
গ্রুপ ব্রহ্মপুত্রের ম্যাচে ২৩–২৪ সেশন শক্তিশালী সম্মিলিত সিনিয়র সেশনকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। দলের হয়ে জোড়া গোল করেন অন্তর চন্দ্র দেব। তবে গোল ব্যবধানে বেস্ট লুজার হিসেবে সেমিফাইনালে ওঠে সিনিয়র সেশনও।
সেমিফাইনালে ২৩–২৪ সেশন ২১–২২ সেশনকে ২–০ গোলে এবং ২২–২৩ সেশন সম্মিলিত সিনিয়র সেশনকে ৩–০ গোলে হারিয়ে ফাইনালে উঠে। পরে ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২৩–২৪ সেশন ২২–২৩ সেশনকে ৩–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে দুটি গোল করেন অন্তর চন্দ্র দেব এবং একটি গোল করেন রবিউল।
পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে অন্তর চন্দ্র দেব নির্বাচিত হন “ম্যান অব দ্য টুর্নামেন্ট”।
খেলা শেষে ট্রফি ও মেডেল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান ছাত্র উপদেষ্টা মাহী মোস্তফা নাহীন ম্যান অব দ্য টুর্নামেন্ট ট্রফি তুলে দেন অন্তর চন্দ্র দেবের হাতে। রানার্স-আপ দলের অধিনায়ক লাবিব রাইয়্যান অপূর্বের হাতে ট্রফি তুলে দেন সাবেক সহ-সভাপতি রাব্বি আকন্দ। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শুভ শেখের হাতে ট্রফি তুলে দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রিফাত সরকার এবং বর্তমান সভাপতি আরাফাত বিন ফারুক (উচ্ছ্বাস)।
আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ফেরদৌস হাসান তুষার ও লাবিব রাইয়্যান অপূর্ব। সদস্য সচিব ছিলেন ক্রীড়া সম্পাদক শুভ শেখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম মুক্তাদির সিফাত।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আরাফাত বিন ফারুক (উচ্ছ্বাস) বলেন, “সংগঠনের গতিময়তা ও গঠনগত ভিত্তিকে আরও সুদৃঢ় করতেই আমাদের এই আয়োজন। ঈদুল আজহার পূর্বে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শিক্ষক উপদেষ্টার নির্দেশনায় ঈদের পর শিক্ষা সফরও সফলভাবে সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।”
ক্রীড়া, সম্প্রীতি, নেতৃত্ব ও ভ্রাতৃত্বের সমন্বয়ে আয়োজিত এই টার্ফ টুর্নামেন্ট অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য হয়ে উঠেছে এক স্মরণীয় আয়োজন।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন