জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও চিমনি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও চিমনি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
প্রকাশঃ
জামালপুর শহরের বন্দেরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাটিকে তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন রাতুলের নেতৃত্বে ‘স্টার ব্রিকস’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, ইটভাটাটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই এবং পরিবেশের জন্য ক্ষতিকর ফিক্সড চিমনি ব্যবহার করা হচ্ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
ইটভাটার মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয় স্টার ব্রিকসের ম্যানেজার তপন আহমেদ এজাজকে। একইসঙ্গে ইটভাটার ফিক্সড চিমনি গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, জামালপুর জেলায় মোট চারটি ফিক্সড চিমনিযুক্ত ইটভাটা ছিল। গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে তিনটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। বাকি একটি ইটভাটায়ও দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন রাতুল বলেন, সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে জামালপুরে অবৈধ ফিক্সড চিমনি ধ্বংস ও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন