জামালপুরে প্রেমঘটিত হত্যাকাণ্ডে দুই আসামি গ্রেফতার
জামালপুরে প্রেমঘটিত হত্যাকাণ্ডে দুই আসামি গ্রেফতার
জামালপুরে ফুপাতো বোনের সঙ্গে খালাতো ভাইয়ের প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মূল দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত মঙ্গলবার (১৯ মে) বিকেলে শেরপুর জেলার বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার উজ্জল মিয়ার ছেলে শুভ এবং তার সহযোগী সম্রাট।
বুধবার (২০ মে) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।
তিনি জানান, শেরপুর জেলার নিহত আলামিনের তালাকপ্রাপ্ত বোনের সঙ্গে তার খালাতো ভাই শুভর প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে আলামিনও শুভকে তার বোনের সঙ্গে সম্পর্ক করার প্রস্তাব দেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এরই মধ্যে আলামিনের কাছে মোটরসাইকেলের গ্যারেজ করার জন্য এক লাখ টাকা ধার চান শুভ। অভিযোগ অনুযায়ী, টাকা লেনদেনের সময় আলামিন শুভর মাধ্যমে তার বোনকে কু-প্রস্তাব দিলে শুভ অপমানিত হন এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী, শুভ তার বন্ধু সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে হত্যাকাণ্ডে সহযোগিতার প্রস্তাব দেয়। পরে গত ১৩ মে বিকেলে শুভ ও সম্রাট আলামিনকে মোটরসাইকেলে করে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামে নিয়ে যায়।
সেখানে শুভ প্যান্টের পকেটে থাকা চাকু দিয়ে আলামিনের গলা কেটে তাকে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে গত ১৮ মে বিকেল ৫টার দিকে শেরপুর সদর থানা পুলিশ জানায়, জামালপুরের পাথালিয়া এলাকার বালুর চরের একটি ঘাসক্ষেত থেকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে ট্রাউজার ও জুতার মাধ্যমে মরদেহটি আলামিনের বলে শনাক্ত করা হয়।
নিহতের ছেলে বাদী হয়ে শেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পিবিআই জামালপুর জেলা স্ব-উদ্যোগে তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পিবিআই। তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
.jpeg)
একটি মন্তব্য পোস্ট করুন