স্বাধীন দেশের সংবিধানকে ফেলে দিয়ে ‘জুলাই সনদ’ দিয়ে রাষ্ট্র পরিচালনা হতে পারে না- শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি
স্বাধীন দেশের সংবিধানকে ফেলে দিয়ে ‘জুলাই সনদ’ দিয়ে রাষ্ট্র পরিচালনা হতে পারে না- শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি
প্রকাশঃ
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:
জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হলো স্বাধীনতা। ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশের রাষ্ট্র পরিচালনা সবসময় সংবিধানের ভিত্তিতেই চলবে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত জামালপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষে অবস্থান নিলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। স্বাধীনতার মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধান দেশের মানুষের কল্যাণের জন্য প্রণীত হয়েছে। তবে সময়ের প্রয়োজনে যদি সংবিধানের কোনো অংশ জনস্বার্থ বা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে তা সংশোধন করা যেতে পারে।
ওয়ারেছ আলী মামুন বলেন, “একটি স্বাধীন দেশের সংবিধানকে বাদ দিয়ে ‘জুলাই সনদ’ দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনোই সম্ভব নয়।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করেছে, তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতৈক্য থাকলেও কিছু বিষয়ে ভিন্নমত ছিল। বিএনপি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করলেও কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। অর্থাৎ, ওই বিষয়গুলোতে বিএনপি একমত নয় এবং নিজেদের রাজনৈতিক অবস্থান থেকেই ভবিষ্যতে পথ চলবে।
তিনি বলেন, “সব রাজনৈতিক দল সব বিষয়ে একমত হয়নি। তাই যেসব বিষয়ে ঐকমত্য নেই, সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা বা বাস্তবায়নে বিএনপি বাধ্য নয়।”
জামালপুর জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্য নেতারা।
সভায় বক্তারা ছাত্রদল নেতাকর্মীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন