ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

চুরির অপবাদে মায়ের আত্মহত্যা: ছেলের দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চুরির অপবাদে মায়ের আত্মহত্যা: ছেলের দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

চুরির অপবাদে মায়ের আত্মহত্যা: ছেলের দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: জামালপুরে গরু চুরির অপবাদ সইতে না পেরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ, ঘটনাটি আত্মহত্যা হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।

রোববার (৩ মে) সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোটামনি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা মামলাটি প্রত্যাহারের পাশাপাশি এলাকায় ধারাবাহিক চুরি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নায়েব আলী, বোরহান উদ্দিন, ইদ্রিস আলী, জায়েদা বেগমসহ আরও অনেকে।

বক্তারা জানান, গত ২৬ মার্চ কোটামনি এলাকায় একটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক বসে। সালিশে অভিযুক্ত সুজনকে না পেয়ে তার বাবাকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় অভিযুক্ত সুজনের মা জোসনা বেগম অপমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরে সালিশস্থল থেকে দৌড়ে নিজ বাড়িতে চলে যান। পরে স্থানীয়রা তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পরদিন জোসনা বেগমের ছেলে সজিব মিয়া ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলার আসামিদের পরিবারে আতঙ্ক নেমে আসে বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নায়ের আলী অভিযোগ করে বলেন, চুরির অপবাদে লজ্জা ও অপমান সইতে না পেরে জোসনা বেগম আত্মহত্যা করেছিলেন। কিন্তু সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। মামলার ভয়ে অনেক পুরুষ বাড়ি-ঘর ছেড়ে আত্মগোপনে থাকায় পুরো এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে কোটামনি এলাকায় ধারাবাহিক চুরি ঠেকাতে প্রশাসনের জোরালো পদক্ষেপ কামনা করেন তারা।

এদিকে মামলার বাদী সজিব মিয়া বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ সঠিক নয়। “আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই আমরা হত্যা মামলা করেছি,”—বলেন তিনি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা, জামালপুর থানার উপ-পরিদর্শক মো. খায়রুজ্জামান জানান, মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ



শিরোনাম...

একটি মন্তব্য করুন