মেলান্দহে মসজিদের জমি বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন
মেলান্দহে মসজিদের জমি বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন
জামালপুরের মেলান্দহ উপজেলার খাসিমারা বাইতুল আমান জামে মসজিদের জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং সরকারি খাস জমি দখলের অভিযোগে মসজিদ কমিটির সাবেক সভাপতি হালিম সরকারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ভুক্তভোগী নারী-পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য সরোয়ার, মসজিদ কমিটির সভাপতি ছাইদুর রহমান, আবু সুফিয়ান তাজেল, সোলায়মান, সোনা মন্ডল, আব্দুল মজিদ মন্ডল ও মকবুল মন্ডলসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, মসজিদ কমিটির সভাপতি থাকাকালীন প্রভাবশালী হালিম সরকার মসজিদের জন্য দানকৃত পার্শ্ববর্তী দক্ষিণ খাসিমারা এলাকার ৪৭ শতাংশ কৃষিজমি বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করেন। জমি বিক্রির প্রায় সাড়ে ১০ লাখ টাকার মধ্যে প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়, যার কোনো হিসাব এখনো বর্তমান কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হয়নি।
এছাড়াও হালিম সরকারের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, মিথ্যা মামলা দায়ের, জমি দখলের চেষ্টা এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ তোলেন স্থানীয়রা। বক্তারা বলেন, তাঁর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
মানববন্ধন থেকে হালিম সরকারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন