বকশীগঞ্জে গণআকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে মানিক সওদাগর
বকশীগঞ্জে গণআকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে মানিক সওদাগরবকশীগঞ্জ উপজেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সততা, ত্যাগ ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে পরিচিত মুখ মোহাম্মদ মানিক সওদাগর। তাকে ঘিরেই নতুন করে আশার আলো দেখছেন সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীরা।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলমত নির্বিশেষে বকশীগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা আগামী দিনে উপজেলা বা পৌরসভা নির্বাচনে তাকে কাঙ্ক্ষিত নেতা হিসেবে দেখতে চাইছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভকামনা জানিয়ে বিভিন্ন পোস্ট করতে দেখা যাচ্ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক দর্শনে বিশ্বাসী মানিক সওদাগর তৃণমূল থেকে উঠে আসা একজন পরিচ্ছন্ন নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি আদর্শের পথ থেকে বিচ্যুত হননি।
তৃণমূল থেকে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে উঠে আসা মানিক সওদাগরের রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা বকশীগঞ্জের সর্বত্র বিস্তৃত। তিনি বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর সফলতার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
এ ছাড়া তিনি বিআরডিবি চেয়ারম্যান, বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি, শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং শ্রমিক ফেডারেশনের সভাপতি হিসেবেও বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মানিক সওদাগর সাধারণ ও খেটে খাওয়া মানুষের কাছে অত্যন্ত সহজ-সরল ও অহংকারহীন একজন ‘মাটির মানুষ’ হিসেবে পরিচিত। তিনি প্রতিদিন সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পছন্দ করেন। সামাজিক দুর্যোগ কিংবা মানুষের বিপদে-আপদে সবসময় তিনি বকশীগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছেন।
বিশেষ করে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক। তরুণদের যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে তিনি সবসময় উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে থাকেন। ফলে স্থানীয় যুবসমাজের মাঝেও তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে।
উপজেলার কয়েকজন প্রবীণ নাগরিক জানান, “মানিক সওদাগর এমন একজন নেতা যিনি পদের পেছনে ছোটেন না, বরং কাজ ও ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করেছেন। প্রবীণ থেকে তরুণ—সব শ্রেণির মানুষের মাঝেই তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।”
সামনে উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনকে ঘিরে উপজেলার চা-স্টল থেকে রাজনৈতিক অঙ্গন—সবখানেই সম্ভাব্য প্রার্থী হিসেবে মানিক সওদাগরের নাম উচ্চারিত হচ্ছে। স্থানীয়দের মতে, বকশীগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে একজন সৎ, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা হিসেবে মানিক সওদাগরের বিকল্প নেই।
তৃণমূলের ভোটার ও তরুণ সমাজের প্রত্যাশা, আগামীতে যেকোনো স্থানীয় নির্বাচনে অংশ নিলে মোহাম্মদ মানিক সওদাগর বিপুল ভোটে বিজয়ী হবেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডই তাকে বকশীগঞ্জের গণআকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
জামালপুর ট্রিবিউন / আবু সাঈদ
.png)
একটি মন্তব্য পোস্ট করুন