ট্রাম্প-ইরান শান্তি সমঝোতা: হরমুজ প্রণালীতে থাকছে না টোল
ট্রাম্প-ইরান শান্তি সমঝোতা: হরমুজ প্রণালীতে থাকছে না টোল
প্রকাশঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নতুন ইরান শান্তি সমঝোতার আওতায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো ধরনের টোল আরোপ করা হবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার আগে চুক্তির সব শর্ত পূরণের ওপর জোর দিয়েছে মার্কিন প্রশাসন।
বার্তা সংস্থা এএফপি জানায়, যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠনে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাবও আলোচনা হয়েছে। তবে এই অর্থ ধাপে ধাপে ছাড় করা হবে এবং তা নির্ভর করবে চুক্তি বাস্তবায়নে তেহরানের অগ্রগতির ওপর।
রোববার এক ভার্চুয়াল অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) ইলেকট্রনিক স্বাক্ষর করেন।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শান্তি প্রক্রিয়ার প্রতি নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরতেই প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি চুক্তিতে অংশ নেন।
তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চুক্তিটি সংক্ষিপ্ত আকারের এবং ইরানের পারমাণবিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সমঝোতা স্মারকটি মূলত দেড় পৃষ্ঠার একটি প্রাথমিক দলিল। পরে এনবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংসের প্রক্রিয়ায় আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।
এদিকে চুক্তির বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে চলতি সপ্তাহে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি জেনেভা-এ আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের।
সূত্র: বাসস
একটি মন্তব্য পোস্ট করুন