রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নিখোঁজ মাদারগঞ্জের দুই তরুণ
রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নিখোঁজ মাদারগঞ্জের দুই তরুণজামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার পর তাদের মৃত্যুর আশঙ্কা করছেন স্বজনরা। তবে এখনো সরকারি বা কূটনৈতিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
নিখোঁজরা হলেন সিধুলী ইউনিয়নের রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে আরিফ (২৮) এবং কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা চাইলেনিপাড়া গ্রামের বানু মিয়ার ছেলে মফিজ (২৩)।
পরিবারের সদস্যরা জানান, গত ৭ মে কাজের উদ্দেশ্যে তারা রাশিয়ায় যান। মফিজকে রাজমিস্ত্রীর এবং আরিফকে ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা পরিবারের কাছে অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে।
স্বজনদের দাবি, স্থানীয় দালাল চক্র অর্থের বিনিময়ে তাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
সবশেষ গত ২৯ মে পরিবারের সঙ্গে তাদের কথা হয়। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে স্বজনরা জানতে পারেন, ড্রোন হামলায় তারা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মফিজের মা মাহফুজা বেগম বলেন, “আমার ছেলে কাজের জন্য বিদেশে গিয়েছিল। এখন তার মৃত্যুর খবর শুনছি। আমি আমার সন্তানের মরদেহ দেশে ফেরত চাই।”
আরিফের বাবা তারা মিয়া বলেন, “ঋণ করে অনেক টাকা খরচ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন তার কোনো খোঁজ পাচ্ছি না।”
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিবার লিখিত আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে দুই যুবকের মৃত্যুর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। স্বজনরা দ্রুত সরকারি উদ্যোগে তাদের সন্ধান ও প্রয়োজনীয় সহায়তা কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন