মেলান্দহে আট মাসের শিশুর মরদেহ উদ্ধার, মা আটক
মেলান্দহে আট মাসের শিশুর মরদেহ উদ্ধার, মা আটকজামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তী বেগমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক শ্রাবন্তী বেগম ওই এলাকার হুমায়ুন আহমেদের স্ত্রী। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
পুলিশ ও স্বজনরা জানান, রোববার ভোরে শ্রাবন্তী তার আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে মা ও সন্তানকে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে শ্রাবন্তীর স্যান্ডেল দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাড়ি থেকে কিছু দূরে অবস্থানরত শ্রাবন্তীকে আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের দাবি, পরকীয়াজনিত কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ বলছে, তদন্ত শেষ হওয়ার আগে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
নিহতের স্বজন আনোয়ারা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শ্রাবন্তী সংসার করতে অনাগ্রহী ছিলেন। পরিবারের দাবি, বিয়ের আগে থেকেই তার অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল এবং সেই কারণেই এ ঘটনা ঘটেছে।
অপর স্বজন সুমাইয়া বলেন, “গত রাতেও শিশুটির সঙ্গে খেলেছি। সকালে তার মৃত্যুর খবর শুনে আমরা হতবাক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।”
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আটক মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন