দীর্ঘদিনের অসুস্থতায় অতিষ্ঠ, মাদারগঞ্জে ভ্যানচালকের আত্মহত্যা
প্রকাশঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ও পেটের তীব্র ব্যথায় ভোগার পর হযরত আলী প্রামাণিক (৫০) নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন।
রোববার (২৮ জুন) সকালে মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম এলাকায় সরকারি কলেজের পেছনের একটি বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হযরত আলী প্রামাণিক গাবেরগ্রাম এলাকার মৃত আব্বেস প্রামাণিকের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি ভ্যান চালাতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক, পেটের ব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন হযরত আলী। চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে গেলেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি।
রোববার সকালে শারীরিক যন্ত্রণা বেড়ে গেলে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। কিছু সময় পর বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই জহির ফকির জানান, দীর্ঘদিনের অসুস্থতা ও পেটের তীব্র ব্যথায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের ধারণা, সেই কষ্ট থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। দীর্ঘদিনের পেটের ব্যথার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহালে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন