সীমান্ত উত্তেজনার পর উদ্ধার হওয়া বৃদ্ধ থানায় হস্তান্তর
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির নাম ষষ্টি চন্দ্র বর্মন।স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের ঘটনায় আলোচনায় আসা এক বৃদ্ধকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশি নাগরিক। প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। তবে তিনি কতদিন ভারতে ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রশাসনিক সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় নিশ্চিত করে তাকে উদ্ধার করা হয়।
এর আগে কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে পাঠানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, বৃদ্ধকে থানায় আনা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন